Tuesday, February 6, 2018

ক্যানভাস ৩



।। কথামুখ।।

"স্ফুলিঙ্গ "এর ওয়েবজিন 'ক্যানভাস' তৈরি হলো সময়ের দাবি মেনে। কিন্তু পত্রিকার কাগজ-সংস্করণও বেরোবে সময়মত। সাহিত্যের একটা সুদীর্ঘ ক্যানভাস  বানানো আমাদের লক্ষ্য। যেখানে বরাক উপত্যকা সহ উত্তর-পূর্ব, পশ্চিমবঙ্গ,  বাংলাদেশের বন্ধুরা থাকবেন। তাঁদের নানা রঙের রচনায় রঙিন হবে ক্যানভাস। আর আমদের মন।
তাই সংগে থাকুন। আপনাদের মতামত জানান। পাঠান লেখাও।

বিঃ দ্র ঃ আমাদের পণ্ডিতি শুচিবায়ু নেই। 


কবিতা

ভাল না বাসার গল্প 

প্রিয়াংকা চৌধুরী মুখোপাধ্যায় 

১ 

তোমাকে ভাল লাগে। যখন তুমুল হই তীব্র আশ্লেষে, তারপর আর ভাল লাগেনা। ঝড়ের পরবর্তী শান্ত দীঘির পাড়ে এসে। 

যেমন চায়ের কাপে বাসি গন্ধ আসে, ধোঁয়া ওঠা চায়ের শেষে ।।  

২ 
তোমায় আমি ঘেন্না করি। হ্যাঁ । ঘেন্না করি । 
ভালোবাসার গল্প যদি বলতে পারি,
ঘেন্না করার গল্প কেন পারিনা ! 
তোমার গায়ের গন্ধ আমার ভাল্লাগেনা।


দু চুমুক চা


কবীর দেব

“কিরে বুঝলি?” জবাব চাইল সে,

ঘন মেঘে ঢাকা গলার তলায় জবাব থেমে রইল।

আস্তে আস্তে বললুম, “না রে আর বুঝতে চাই না”

চাঁদের মতো তার চোখে নেমে এল একটা সরু টান।

উসকানো চুলকে নির্দিষ্ট জায়গাতে নিয়ে জিজ্ঞেস করল,

“কেন? তোর আবার কি হল”

ঝড়ের মত সিগারেটের ধোঁয়া ছেড়ে জবাব দিলুম

“আজ এই রাস্তা দিয়ে কত পথ এসে হাজির হলাম দেখ,

কাল যদি এই রাস্তার শিরা কেটে আরো কোথাও নিয়ে যায়,

শরৎ কালের দৃশ্যের যায়গায় শহরের উঁচু বাড়ি দিয়ে বন্দি হয়ে পড়িস

তর কাছে কেউ সিগারেট দেখে খারাপের ইতিহাস বলে ফেলল,

শ্রাবণ মাসের চাঁদের আলোর মধ্যে কি বুঝতে চাইবি, না ভাবতে চাইবি?”

থমকে দাঁড়িয়ে মুচকি হেসে হাঁটা আবার শুরু করলাম,

স্তব্ধতা দিয়ে গুন গুন করে আমরা এইবার ভাবলাম,

বাড়ি ফিরে আমরা দুজনে মিলে চায়ে চুমুক দিয়ে কবিতা লিখলাম,

ও বলল, “বিরতি নিয়ে মন্দ করি নাই”।




দাহ

রাজেশ চন্দ্র দেবনাথ

যজ্ঞের চিতায় দাহ শেষে
পোড়া কলা চেটে নেয় সম্পর্কের কাকতাড়ুয়া...

বৃক্ষের মাংসে অশ্লীল কুলকুচো
রক্তস্রাবে ভিজে আছে 
বনলতা সেন